হৃতিক রোশানের বিপরীতে প্রথম সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই আকাশছোঁয়া সাফল্য পান আমিশা পাটেল। ঠিক পরের বছর অর্থাৎ ২০০১ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘গদর’। এ ছবিতে আরও বেশি সাফল্য পান অভিনেত্রী। সচরাচর অভিনেতার জীবনে এমন ঘটনা প্রায় বিরল। ক্যারিয়ারের শুরুতেই পর পর দুটি ছবিতেই বিপুল সাফল্যের মুখ খুব কম অভিনেতাই দেখেছেন। সেদিক থেকে ভাগ্যবতী আমিশা।
তবে আমিশার এই সাফল্য দেখে তাকে অবসর নেওয়ার পরামর্শ দেন বলিউডের নামী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। আমিশার ‘গদর’ ছবিটি দেখে তাকে চিঠি লেখেন সঞ্জয়। সেখানে পরিচালক বলেন, ‘আমিশা, এখন তোমার অবসর নেওয়া উচিত।’ খানিকটা চমকে গিয়েই আমিশা জিজ্ঞেস করেছিলেন, কেন এমন কথা বললেন সঞ্জয়? পরিচালক উত্তর দিয়েছিলেন, ‘কারণ তুমি ইতিমধ্যে দুটি ছবি থেকে এমন কিছু অর্জন করেছ, যা বেশির ভাগ লোক তাঁদের গোটা ক্যারিয়ারে অর্জন করতে পারে না। জীবনে এক বারই একটি ‘মুঘল-ই-আজম’, একটি ‘মাদার ইন্ডিয়া’, একটি ‘পাকিজা’, একটি ‘শোলে’তে কাজ করা যায়। তোমার ক্ষেত্রে অবশ্য এটা দ্বিতীয় বার। তো এর পর কী?’
এরপরে বানসালির কথাই সত্যি হয়। আমিশা বলেছেন, ‘সঞ্জয় যা বলেছিলেন, তা পুরো ক্যারিয়ার জুড়ে সত্য প্রমাণিত হয়েছিল।’ আমিশা জানান, তার এই সাফল্য অনেকেই ভাল নজরে দেখেননি ইন্ডাস্ট্রিতে। ‘গদর’ সিনেমাটি এমন উচ্চতায় পৌঁছে যায় যে, পর তার অভিনীত সব ছবির সঙ্গেই ‘গদর’-এর তুলনা টানা হয়েছে এবং কোনোটাই সেই সাফল্য দেখেনি।
২২ বছর আগে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। ভারতের তারা সিংহ ও পাকিস্তানের শাকিনার প্রেমকাহিনি জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। তার প্রায় ২২ বছর পরে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি।
১১ আগস্ট মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। তৃতীয় সপ্তাহে পড়তেই ৪০০ কোটি ছুঁয়ে ফেলল এই ছবি। বক্স অফিস ব্যবসার নিরিখে শাহরুখ খানের ‘পাঠান’-এর পর সব থেকে সফল হিন্দি ছবি ‘গদর ২’।