ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাবুনগরীদের আফগানিস্তানে পাঠানোর হুমকি মেয়র তাপসের

ads

হেফাজতে ইসলামের আমীর জুনাইদ বাবুনগরীসহ তার অনুসারীদের আফগানিস্তানে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। শাপলা চত্ত্বরের কথা মনে করিয়ে দিয়ে বাবুনগরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা পরিস্কারভাবে বলতে চাই, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর প্রতি কটুক্তি, বঙ্গবন্ধুর ভাস্কের্যের প্রতি আঘাত, বাংলার স্বাধীনতার ওপর আঘাত। বাংলার দামাল ছেলেরা কোনোদিন বরদাস্ত করবে না। শান্তির নীড় হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সেই কাতারে আপনারা আসবেন আর না হলে আপনারা যে স্লোগান এক সময় দিয়েছিলেন, বাংলা হবে আফগান সেই আফগানিস্তানে আপনাদের পাঠিয়ে দেয়া হবে।’বুধবার (৯ ডিসেম্বর) বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।


তাপস বলেন, বাবুনগরী আপনারা ভুলে গেছেন। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলেই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে।আমরা শান্তিপ্রিয়, আমরা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে চলার জন্য আমরা নিয়োজিত আছি। কিন্তু তার মানে এই না যে আপনারা পানি ঘোলা করে মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার চেতনায় আঘাত করে আবার সেই জঙ্গিবাদে এ দেশকে নিয়ে যাবেন। সেই বাঙলা ভাই সৃষ্টি করবেন, সেই যুদ্ধাপরাধীদের আরেকবার ক্ষমতায় বসাবেন। সেই সুযোগ আর বাংলার মাটিতে আমরা হতে দিব না।


তিনি আরও বলেন, ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বুক থেকে সব মৌলবাদ নিষ্পন্ন হবে। মৌলবাদকে আমরা নিশ্চিহ্ন করে দিব এবং মুক্তিযুদ্ধের চেতনায় সব প্রগতিশীল শক্তি আবার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে।


তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা যারা পঁচাত্তরে চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দিতে। তারা চেষ্টা করেছিল পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দিতে। তারা সেদিন সফল হয় নাই। আজকেও তারা সফল হবে না।মানববন্ধনে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতাকারী উস্কানীদাতা ও ভাস্কর্য ভাংচুরকারীদের বিচার ও শাস্তির মুখোমুখী করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে আঘাত করছে। তাই তারা আমাদের সংবিধানের ৭(ক) অনুচ্ছেদকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। আমাদের সংবিধানের ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতিকৃতির অবমাননা প্রদর্শিত হলে সেটা হবে দেশদ্রোহীতার সামিল।  


তিনি আরও বলেন, তারা এই দেশকে ভালবাসে না। তারা এই দেশের অস্তিত্বকে স্বীকার করে না। তাই তারা এসব অন্যায়-অপকর্ম করছে। আমরা সোচ্চারভাবে বলতে চাই যারা এই ধরনের অন্যায়-অবিচার করবে, দেশদ্রোহীতা করবে, সম্পৃক্ত হবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদের প্রত্যেককে আমরা বিচারের সম্মুখীন করব।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম এম মুনীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, আইনজীবী সমিতির সাবেক কোষাধক্ষ্য অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, লায়েকুজ্জামান মোল্লা, মোখলেছুর রহমান বাদল, সাবেক এমপি সানজিদা খানম বক্তব্য রাখেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা অংশ নেন।

ads
ads
ads

Our Facebook Page