সারাদেশের তাপমাত্রা কমেনি বরং কোনও কোনও এলাকায় সামান্য বেড়েছে। বাতাসের গতি না থাকা, শুষ্ক আবহাওয়া এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। এই কুয়াশা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে।
মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের রাজারহাটে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২, ময়মনসিংহ বিভাগে ১৭, চট্টগ্রামে ১৭.৫, সিলেটে ১৫.৮, রাজশাহীতে ১৬.১, রংপুরে ১৬, খুলনায় ১৮.৪ এবং বরিশালে ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।