ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

খেলার মাঠে যেন রাজনীতির প্রভাব না পড়ে: কাদের

ads

খেলার মাঠে যেন রাজনীতির প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। একটির ওপর যেন আরেকটির নেতিবাচক প্রভাব না পড়ে।’ 

শনিবার (২৬ ডিসেম্বর) সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুমন্ত্রী এই আহ্বান জানান। 

সেতুমন্ত্রী বলেন, ‘সবার রাজনৈতিক বিশ্বাস আছে, থাকতে পারে। তাই বলে তার প্রভাব যেন মাঠের সবুজ গালিচায় না পড়ে।’ তিনি আরও বলেন, ‘ক্রীড়া ফেডারেশনগুলো নিজের ভাগ‌্য বদলের জায়গা নয়। দেশের লাখো তরুণের বিপথগামিতা থেকে দূরে রাখতে সুকুমারবৃত্তির চর্চার চারণভূমি হচ্ছে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনকে পরিশুদ্ধ রাখতে হবে। তাহলে তরুণ প্রজন্ম আস্থাশীল হবে। এতে সমাজ পরিবর্তন হবে।’

প্রয়াত বাদল রায়কে একজন সাহসী ও দক্ষ ফুটবলার এবং সংগঠক অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় দুই দশকের বেশি সময়ে খেলেছেন সাদা-কালো জার্সিতে মোহামেডানের হয়ে। অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগবিরোধী প্রতিপক্ষ বিএনপি। এটি যে একটি ভুল ধারণা, তা বাদল রায় প্রমাণ করে গেছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘করোনা কারও ব্যক্তি বা গোষ্ঠীর নয়, তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে।’

ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারনুর রশিদ প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page