ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

“কীভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে?

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইনস্টাগ্রামে পরপর তিনটি পোস্টে তিনি নিজের আতঙ্ক, অসহায়তা ও ক্ষোভ প্রকাশ করেন।


বাঁধন লেখেন, “কীভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? একজন মানুষকে এভাবে মেরে ফেলছে—আর বাকিরা দাঁড়িয়ে শুধু দেখল! এটা কীভাবে সম্ভব?” তিনি বলেন, এই দৃশ্যগুলো মন ও মানসিকতা দুটোই ভেঙে দেয়।অভিনেত্রীর পরিবারও এ ঘটনার পর উদ্বিগ্ন। তিনি লিখেন, “আমার বাবা-মা আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমার মেয়ে আমাকেই পেয়েছে, আমিই তার পুরো পৃথিবী। কিন্তু আমি কীভাবে তাকে নিরাপদ রাখি এমন এক দেশে, যেখানে কোনো নিরাপত্তা নেই? আমরা স্বপ্ন দেখেছিলাম নিরাপদ ভবিষ্যতের, কিন্তু এখন যা দেখছি তা ভয়ংকর।”


সরকারের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাঁধন। তিনি লেখেন, “সরকার সব সময়ের মতো নীরব। তারা কোথায়? কিছু বলছে না, কিছু করছে না। আমি ভীত, ক্ষুব্ধ এবং ভীষণভাবে ভেঙে পড়েছি।”


তিনি আরও বলেন, “এই দেশে আমি কি আদৌ নিরাপদ? আমি কি সত্য কথা বলার অধিকার রাখি? নাকি আমি-ই হব পরবর্তী শিকার?”


উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাঁকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। হত্যাকাণ্ডের সময় আশপাশে থাকা লোকজন কেউই প্রতিবাদ করেননি, বরং কেউ কেউ সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন।


এ ঘটনায় ইতোমধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার তথ্য উঠে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়।


ads
ads
ads

Our Facebook Page