ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

২৫ তারিখে দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে: আমীর খসরু

ads

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২৫ ডিসেম্বর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যার অপেক্ষায় বাংলাদেশ চেয়ে আছে। ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ তারেক রহমান আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন। এটা আমাদের আনন্দের সংবাদ।


তিনি বলেন, আমাদের নেতা ২৫ ডিসেম্বর আসছেন সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে এক নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই দিনের জন্য, নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। আসন্ন নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়।


অনুষ্ঠানে আমীর খসরু বলেন, বিএনপির দেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, যে স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন, সেটার অংশ হিসেবে আজকের এই দেশ গড়ার কর্মসূচি। আমরা সবাই বেশি আনন্দিত যে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার যে সংগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছি, যার নেতৃত্বে আন্দোলনে আমরা সফল হয়েছি সেই আন্দোলনের নায়ক, ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ তারেক রহমান বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন।


ইনকিলাব মঞ্চের নেতা হাদির ওপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। চট্টগ্রাম মহানগরীতে বিএনপি নেতার ওপরও আক্রমণ হয়েছে। গতকাল আরেকটি ঘটনা ঘটেছে। এই সময়টাতে যখন স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন বিএনপি বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর নিপীড়ন-নির্যাতন ভোগ করেছে, ৫ আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে বিএনপি একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্যে, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার রাজনীতি ধারণ করছেন তারেক রহমান।


তিনি বলেন, আমরা দেখতে পারছি তার বিপরীতে একটি রাজনীতি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীত। এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখতে হবে।


‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় সভায় সারা দেশের থেকে আসা বিএনপির নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ads
ads
ads

Our Facebook Page