ভারতে একের পর এক হেনস্তার শিকার হচ্ছেন শোবিজ তারকারা। সম্প্রতি কয়েকটি ঘটনার পর এবার হেনস্তার শিকার হলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ভারতের হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধন করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হন এই সুন্দরী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত রোববার হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যান অভিনেত্রী। তার পরনে ছিল কালো এবং রুপালি জরির মিশেলের শাড়ি। সময় মতো অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তিনি।
তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা জনসমুদ্রের বিপাকে পড়েন তিনি। উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে। এ সময় নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর অনেক চেষ্টা করেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে নিরাপত্তারক্ষীরা সেটি করতে ব্যর্থ হন।এদিকে আবার নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রী। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সে সময় সামান্থা মেজাজ হারাননি। মুখের কোণে হাসি রেখে কোনোরকমে পরিস্থিতি সামলে নেন এই সুন্দরী।
এদিকে দিন কয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন ভারতের জনপ্রিয় শিল্পী নিধি আগারওয়াল। অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকশ মানুষ তাকে ঘিরে ধরে। এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনোক্রমে ঘটনাস্থল ছাড়েন তিনি।
এ ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যে সামান্থার হেনস্তায় বিব্রত অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ক্ষুব্ধ ভক্তরা। সামান্থাকে ঘিরে এবার নিরাপত্তা ও আয়োজকদের দায়িত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।